Logo

ভাতিজার হাসুয়ার কোপে চাচার মর্মান্তিক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৭ আগস্ট, ২০২৬, ১৫:৫৩
ভাতিজার হাসুয়ার কোপে চাচার মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাসুয়ার কোপে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাধপুরের বাগিচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইদ্রিস আলী ওই এলাকার সৈয়দ মন্ডলের ছেলে। এ ঘটনায় আফজাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে মাঠে কৃষিকাজ করার সময় বাবার সামনে ছেলের বিড়ি খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রথমে ইদ্রিস আলীর সঙ্গে তাঁর ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিসের ছেলের পক্ষ নেন তাঁর ভাতিজা আফজাল হোসেন।

বাগবিতণ্ডা বাড়তে থাকলে আফজাল হাসুয়া দিয়ে ইদ্রিস আলীকে কোপ দেন। এতে তাঁর এক পায়ের ঊরুতে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয়রা আহত ইদ্রিসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনরা জানান, তারা বাড়িতে কাজ করছিলেন। মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান স্বজনরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও আহত হয়েছেন। পুলিশ হেফাজতে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD