সংকটাপন্ন মাকে বাঁচাতে আনসার সদস্যের রক্তদান

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গর্ভপাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক রোগীর চিকিৎসায় স্বেচ্ছায় রক্ত দিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। জরুরি সময়ে তাঁর দেওয়া রক্তে রোগীর চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনরা তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় মোছা. খাদিজা খাতুনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রোগীর স্বজনরা জানান, আকস্মিক শারীরিক জটিলতার কারণে খাদিজা খাতুনের চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এরপর শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার পরামর্শ দেন।
রক্তের প্রয়োজনের কথা জানতে পেরে স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্নভাবে রক্ত সংগ্রহের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে রক্তের ব্যবস্থা করতে না পারায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় বিষয়টি জানতে পারেন যশোর সদর ইউএনও গার্ডে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। রোগীর জরুরি রক্তের প্রয়োজন রয়েছে জানতে পেরে কোনো ধরনের দ্বিধা ছাড়াই তিনি স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন।
রোগীর স্বামী মো. সুলতান হোসেন বলেন, সংকটের সময়ে যখন রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল, তখন একজন আনসার সদস্য কোনো পূর্বপরিচয় বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই এগিয়ে এসে রক্ত দিয়েছেন। তাঁর প্রতি তারা গভীরভাবে কৃতজ্ঞ।
বিজ্ঞাপন
আনসার সদস্য মো. আরিফুল ইসলামের এই উদ্যোগ সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মানবিকতা ও দায়িত্ববোধের উদাহরণ হয়ে উঠেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।








