কক্সবাজার আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো—চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার (১৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদরাসায় পৌঁছায়নি এবং পরে বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় দুই কিশোরীর সন্ধানে অনুসন্ধান শুরু করে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রযুক্তিগত সহায়তায় অনুসন্ধানের একপর্যায়ে তাদের অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়।
বিজ্ঞাপন
পরে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে গিয়েছিল।
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।








