নিখোঁজের ছয় দিন পর সন্ধান মিলল ‘সমকামী’ চার কিশোরীর

কুষ্টিয়ার মিরপুর থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ঢাকার হেমায়েতপুর এলাকা থেকে চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর তারা একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীদের পরে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর মিরপুর উপজেলার তিন কিশোরী পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন। এরপর নিখোঁজ কিশোরীদের সন্ধানে তদন্ত শুরু করে মিরপুর থানা পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তদন্তে পুলিশ জানতে পারে, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার আরেক কিশোরীর পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে। একইভাবে মিরপুরের আরও দুই কিশোরীর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রে সম্পর্ক তৈরি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনা অনুসারে ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে ঢাকায় নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে তাদের দেখা হয় এবং তারা একসঙ্গে থাকতে শুরু করে।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তে জানা গেছে, চার কিশোরী ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়েছিল। সেখানে দুই কিশোরী নিজেদের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিয়ে পবিত্র কোরআন স্পর্শ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বলে পুলিশকে জানায়। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। অন্য দুই কিশোরীও একই বাসায় অবস্থান করছিল।
এদিকে নিখোঁজের ঘটনায় তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান শনাক্তের চেষ্টা করে পুলিশ। মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে কাকিলাদহ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তাদের অবস্থান শনাক্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে চার কিশোরীকে উদ্ধার করা হয়। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘টিকটক গ্রুপের মাধ্যমে কিশোরীদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। নিখোঁজ তিন কিশোরীকে ঢাকার হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের একজনকেও উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’








