Logo

মাদক নিয়ে লেখালেখি করা সাংবাদিককে গুলি করে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৫ অক্টোবর, ২০২৬, ২২:০০
মাদক নিয়ে লেখালেখি করা সাংবাদিককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে লেখালেখি করতেন এই সাংবাদিক।

বিজ্ঞাপন

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

লুৎফুজ্জামান আলিফ ফকির রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা এলাকায়। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামান আলিফের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে। তাঁর সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক চোরাচালান নিয়ে লেখালেখির কারণে পরিচিত ছিলেন এই সাংবাদিক। তবে আগের হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD