Logo

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৭ অক্টোবর, ২০২৬, ১৯:১২
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ভিডিওতে দেখা বস্তুটি মাদক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জহিরুল ইসলামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী জহিরুল ইসলামকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জহিরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমালোচনা শুরু হলে বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের নজরে আসে। এরপর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বক্তব্য জানতে জহিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল জানান, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ তাঁদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাঁকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে জহিরুল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নুরুজ্জামান সোহেল আরও বলেন, ভিডিও ক্লিপ ও সংশ্লিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিডিওতে দেখা বস্তুটির পরিচয় নিশ্চিত না হওয়ায় বিষয়টি এখনো অভিযোগ ও তদন্তের পর্যায়ে রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD