Logo

‘মব’ তৈরি করে সমবায় শিল্প সমিতির কার্যালয় ও দোকান দখলের অভিযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ২১:৩৪
‘মব’ তৈরি করে সমবায় শিল্প সমিতির কার্যালয় ও দোকান দখলের অভিযোগ
ছবি প্রতিনিধি।

দুই শতাধিক লোক জড়ো করে ‘মব’ তৈরি করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সরকারি তিনটি দোকান দখলের পর মতিঝিলে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড–এর কার্যালয়ও দখল করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেন সর্দারের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি–র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সমিতির নির্বাচিত সভাপতি লিপিকা দাস গুপ্তা।

তিনি জানান, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি মতিঝিলের সমবায় ব্যাংক ভবনে থাকা সমিতির কার্যালয়ে বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সর্দারের নেতৃত্বে দুই শতাধিক ব্যক্তি হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নগদ অর্থ লুটের পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেন তিনি। পরে তাকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিষয়টি জানিয়ে মতিঝিল থানা–য় অভিযোগ করা হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিপিকা দাস গুপ্তা আরও বলেন, মতিঝিল, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে মকবুল হোসেন সর্দার জড়িত। তার স্ত্রী জান্নাত জাহান চামেলী ওরফে লুনা হোসেন নিউমার্কেট-ধানমন্ডি এলাকার যুব মহিলা লীগের নেত্রী বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় স্ত্রীর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এবং বর্তমানে বিএনপির প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন স্থানে দখল ও চাঁদাবাজিতে জড়িত।

বিজ্ঞাপন

গত ১৫ বছরে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি নিয়ন্ত্রণের মাধ্যমে একাধিক দোকান দখল, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও দখল বাণিজ্যের অভিযোগও তোলেন তিনি। এছাড়া বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেডের কার্যালয় দখল করা হয়েছে বলেও দাবি করেন।

নিউ মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তুলে তিনি মতিঝিলের কার্যালয় ও নিউ মার্কেটে থাকা সমিতির দোকানগুলো উদ্ধারে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। রাজনৈতিক পরিচয়ে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD