Logo

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন এলজিআরডি প্রতিমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন, ২০২৬, ১৩:২৮
হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন এলজিআরডি প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকার চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। শনিবার (২৭ জুন) তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এছাড়াও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় গত সাত দিনে হাতিরঝিলে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

এ সময় রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম হাতিরঝিলে আগত দর্শনার্থীদের ডাস্টবিন ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, হাতিরঝিলকে ভবিষ্যতে আরও আধুনিক, আকর্ষণীয় ও নান্দনিক রূপে গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এলাকায় বৃক্ষরোপণ, পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের মতো কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। তারা সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার এবং এলাকার পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD