আমিনবাজারের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: ডিসি ফরিদা

ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মিজ ফরিদা খানম সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগামী সাত দিনের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে সড়কের দুই পাশে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৫ জুলাই) আমিনবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনের সময় জেলা প্রশাসক এ নির্দেশনা দেন। এ সময় তিনি মহাসড়কের দুই পাশের পরিবেশগত পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনে দেখা যায়, প্রায় দুই কিলোমিটারজুড়ে বিভিন্ন ধরনের বর্জ্য ও আবর্জনা স্তূপাকারে পড়ে থাকায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে শুধু পরিবেশ দূষণই নয়, স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের যাত্রীদেরও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ আমিনবাজারে এ ধরনের নোংরা পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে জমে থাকা সব বর্জ্য অপসারণ করা হবে এবং ভবিষ্যতে যাতে এখানে আর কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বর্তমানে যেখানে বর্জ্য ফেলা হচ্ছে, তার পরিবর্তে দূরবর্তী কোনো উপযুক্ত খাসজমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে আবাসিক এলাকা কিংবা গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে বর্জ্য ফেলার প্রয়োজনীয়তা থাকবে না।
পরিবেশ উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলার কথাও জানান জেলা প্রশাসক। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক ও পরিবেশবান্ধব গাছ লাগানো হবে। এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা প্রয়োজন। যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সাত দিনের মধ্যে মহাসড়কের দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসনকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।








