Logo

রাজধানীতে আজও বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই, ২০২৬, ১৫:১৩
রাজধানীতে আজও বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ কাটেনি। রবিবার দিনভর জলাবদ্ধতায় নাকাল হওয়ার পর সোমবার সকালেও ঢাকার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। সড়ক ও অলিগলিতে জমে থাকা পানি, গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষ।

বিজ্ঞাপন

সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছাতা মাথায়, প্যান্ট গুটিয়ে কাদা-পানি মাড়িয়ে কর্মস্থলের উদ্দেশে বের হতে দেখা গেছে মানুষকে। এদিকে বাসের সংখ্যা তুলনামূলক কম থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এই সুযোগে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশার চালকেরা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া দাবি করছেন।

টানা বর্ষণে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী সড়ক, খামারবাড়ি-ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিলের একাংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারার সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সোমবারও এসব এলাকার কোথাও কোথাও পানি জমে থাকতে দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন যাত্রীরা। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা বা সিএনজি অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলের উদ্দেশে রওনা দিচ্ছেন।

বিজ্ঞাপন

রামপুরা থেকে পল্টনে কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষমাণ বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। চাকরির কারণে বের হতেই হয়েছে। কিন্তু রাস্তায় বাস কম থাকায় দুর্ভোগ বেড়েছে। প্রতিদিন যে ভাড়ায় সিএনজি বা ব্যাটারিচালিত রিকশায় যাতায়াত করেন, আজ তার দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। সময়মতো অফিসে পৌঁছানোর জন্য বাধ্য হয়েই বেশি ভাড়া দিতে হচ্ছে।

অন্যদিকে অতিরিক্ত ভাড়ার বিষয়ে সিএনজি চালক মোখলেসুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। রাস্তায় পানি জমে থাকায় ইঞ্জিনে সমস্যা হওয়ার আশঙ্কা থাকে এবং যাত্রীও তুলনামূলক কম পাওয়া যায়। তাই কিছুটা বেশি ভাড়া চাওয়া হয়। তিনি জানান, আগের দিন জলাবদ্ধতার কারণে তাঁর সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় পুরো দিনের আয় নষ্ট হয়েছে।

এদিকে সোমবার সকালেও রাজধানীর সড়কে অন্যদিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। ফলে চলাচলকারী বাসগুলোতে ছিল উপচেপড়া ভিড়, যা নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD