স্ত্রীকে হত্যার পর মরদেহ চার টুকরা

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ভাড়া বাসা থেকে শিরিন বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী দুলাল হাওলাদারকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বিজ্ঞাপন
রবিবার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগের ভেতর থেকে শিরিনের মরদেহ উদ্ধার করা হয়। দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহকে হত্যাকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। শিরিন অন্য কারও সঙ্গে মুঠোফোনে নিয়মিত কথা বলেন—এমন সন্দেহ করতেন তাঁর স্বামী। এ নিয়ে গত দুই দিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল বলে জানা গেছে।
পুলিশের ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, রবিবার গভীর রাতে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সূত্রটি জানায়, শিরিনকে হত্যার পর তাঁর মরদেহ চার টুকরা করে ব্যাগে রাখা হয়েছিল।
ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।








