প্রেমিকার সঙ্গে মোমো খাচ্ছিলেন বর, আচমকা হাজির বউ

ভারতের উত্তর প্রদেশের মিরাটে প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়েছেন মায়াঙ্ক নামের এক ব্যক্তি। স্ত্রীকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত তাকে গাড়ির বনেটে তুলে প্রায় ১০০ মিটার পর্যন্ত গাড়ি চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় মায়াঙ্কের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের মিরাটে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মায়াঙ্ক তার কথিত প্রেমিকা মাহিকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে বের হন। পরে দুজন একসঙ্গে বসে মোমো খাচ্ছিলেন। ওই সময় সেখানে পৌঁছে তাদের একসঙ্গে দেখতে পান মায়াঙ্কের স্ত্রী সুনীতা।
স্বামীকে অন্য এক নারীর সঙ্গে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন সুনীতা। তিনি মায়াঙ্কের গাড়ির কাছে গিয়ে প্রতিবাদ করতে থাকেন এবং গাড়ির জানালায় আঘাত করেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মায়াঙ্ক গাড়িতে উঠে ভেতর থেকে দরজা লক করে দেন। এরপর সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে মায়াঙ্কের গাড়ির পথ আটকে সামনে দাঁড়িয়ে পড়েন সুনীতা। একপর্যায়ে তিনি গাড়ির বনেটের ওপর উঠে যান। অভিযোগ রয়েছে, এরপরও মায়াঙ্ক গাড়ি থামাননি। বরং গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।
এতে গাড়ির বনেটের ওপর থাকা সুনীতাকে নিয়েই প্রায় ১০০ মিটার পর্যন্ত গাড়ি চালিয়ে যান মায়াঙ্ক। চলন্ত গাড়ির বনেটে অবস্থান করে সুনীতা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।
বিজ্ঞাপন
পথচারীদের উদ্দেশে তিনি বলতে থাকেন, ‘ভাইয়া, বাঁচান... ভাইয়া, আমাকে বাঁচান।’ তার চিৎকার শুনে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন পথচারী ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলে মায়াঙ্ক গাড়ি থামাতে বাধ্য হন।
ঘটনার পর সুনীতা পুলিশের কাছে মায়াঙ্কের বিরুদ্ধে মারধর, যৌতুকের জন্য নির্যাতন, পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে গুরুতর হিসেবে দেখা হচ্ছে। কোতয়ালি এলাকার সার্কেল অফিসার সংগ্রাম সিং বলেন, কথাকাটাকাটির একপর্যায়ে মায়াঙ্ক তার স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় মায়াঙ্ক ও মাহি দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি নিশ্চিত করতে তদন্ত চলছে। সুনীতার অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থলের অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।








