Logo

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১২:০৭
ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি
ছবি: সংগৃহীত

গড় আয়ুর হিসাবে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ Global Health Estimates অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।

বিজ্ঞাপন

২ অক্টোবর প্রকাশিত নতুন তথ্যে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের গড় আয়ু, মৃত্যুর কারণ ও রোগের বোঝা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছে ডব্লিউএইচও।

তবে গড় আয়ুর দিক থেকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ও কানাডার তুলনায় পিছিয়ে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

দীর্ঘদিন বেঁচে থাকা আর সুস্থভাবে বেঁচে থাকা এক বিষয় নয়। ডব্লিউএইচওর হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু ৭৩ দশমিক ৩ বছরে পৌঁছেছে। ২০১৯ সালে এটি ছিল ৭৩ দশমিক ৪ বছর। অর্থাৎ করোনাভাইরাস মহামারির আগে বৈশ্বিক গড় আয়ু যে অবস্থানে ছিল, ২০২৩ সালে তা প্রায় সেই পর্যায়ে ফিরে এসেছে।

বিজ্ঞাপন

তবে সুস্থ জীবন প্রত্যাশার ক্ষেত্রে পুনরুদ্ধার এখনও পুরোপুরি হয়নি। ২০২৩ সালে বিশ্বে স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার প্রত্যাশিত সময় ছিল ৬২ দশমিক ৮ বছর, যা ২০১৯ সালের তুলনায় ০ দশমিক ৪ বছর কম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

করোনা মহামারির সময় বৈশ্বিক গড় আয়ু উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ডব্লিউএইচওর নতুন হিসাব বলছে, মহামারির প্রভাব কাটিয়ে জীবন প্রত্যাশা আবারও আগের অবস্থানের কাছাকাছি ফিরেছে। একই সঙ্গে রোগের ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে; অসংক্রামক রোগের কারণে মৃত্যুর চাপ বাড়ছে।

বিজ্ঞাপন

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, গড় আয়ু হলো কোনো নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া একজন মানুষ প্রচলিত বয়সভিত্তিক মৃত্যুহার অব্যাহত থাকলে গড়ে কত বছর বাঁচতে পারেন তার হিসাব। আর স্বাস্থ্যকর জীবন প্রত্যাশা বলতে বোঝায় একজন মানুষ পূর্ণাঙ্গ সুস্থ অবস্থায় গড়ে কত বছর কাটাতে পারেন।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেছেন, “জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি গড় আয়ু হওয়া একটি বড় অর্জন। পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।”

ডব্লিউএইচও জানিয়েছে, তাদের সর্বশেষ Global Health Estimates-এ ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের স্বাস্থ্য পরিস্থিতির তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে। এসব হিসাব তৈরিতে জাতীয় তথ্য, জাতিসংঘের অংশীদার সংস্থা এবং অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD