Logo

হুতিদের গোলাবর্ষণে তাইজে প্রাণ হারাল ১৪ দিনের শিশু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৩
হুতিদের গোলাবর্ষণে তাইজে প্রাণ হারাল ১৪ দিনের শিশু
ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন ফ্রন্টে হুতিদের হামলা এবং সরকারি বাহিনীর পাল্টা সামরিক অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘর্ষে বেসামরিক নাগরিকদেরও হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইজকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে হুতিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর লড়াই তীব্র হয়েছে। হুতিরা বিভিন্ন ফ্রন্টে হামলা চালানোর পাশাপাশি সরকারি বাহিনীর অবস্থানের দিকে গোলাবর্ষণ করছে। পাল্টা জবাবে সরকারি বাহিনীও বিমান, গোলাবারুদ ও অন্যান্য সামরিক উপায়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

সংঘর্ষের কারণে তাইজের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর নতুন করে লড়াই শুরু হওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আলজাজিরার তথ্যমতে, সংঘর্ষ শুরুর পর থেকে লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে হুতিদের গোলাবর্ষণে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুতিদের গোলাবর্ষণে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে মাত্র ১৪ দিন বয়সী একটি শিশুও রয়েছে। ধুবাব এলাকার একটি আবাসিক স্থানে হুতিদের ছোড়া গোলার আঘাতে শিশুটির মাথায় স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে আল-থাওরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আড়াই বছর বয়সী আরেকটি শিশুও আহত হয়েছে।

এ ছাড়া তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় একটি আবাসিক বাড়িতে গোলার আঘাতে এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আনাদোলু। পৃথক এসব হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তাইজে চলমান সংঘর্ষে সামরিক অবস্থানের পাশাপাশি বেসামরিক এলাকাও ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে নতুন করে হতাহতের আশঙ্কার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: আলজাজিরা ও আনাদোলু

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD