Logo

ঐতিহাসিক ম্যাচে ভারতকে চার গোল দিল ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ২৩:০০
ঐতিহাসিক ম্যাচে ভারতকে চার গোল দিল ব্রাজিল
ছবি: সংগৃহীত

সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ‘ব্লু টাইগার্স’দের ৪-০ গোলে হারিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টায় ফিফার অন্তর্ভুক্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ভারতও পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও ব্রাজিলের রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ২৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একক প্রচেষ্টায় বল নিয়ে ভারতের বক্সের ডান দিকে ঢুকে জোরালো শট নেন। ভারতীয় গোলরক্ষকের হাতে বল লাগলেও শটের গতি এতটাই বেশি ছিল যে তিনি সেটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফলে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। পেদ্রোর নেওয়া শট ভারতীয় গোলপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। ৪২তম মিনিটে শক্তিশালী শটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফ্লামেঙ্গোর এই স্ট্রাইকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল। তবে ব্যবধান আরও বাড়াতে কিছুটা সময় লাগে তাদের। এ সময় স্বাগতিক ভারতের রক্ষণভাগও বেশ কিছুক্ষণ দৃঢ়তা দেখায়।

শেষ পর্যন্ত ৫৮তম মিনিটে তৃতীয়বারের মতো ভারতের জালে বল পাঠায় ব্রাজিল। পেদ্রোর অ্যাসিস্ট থেকে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে চিপ শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন স্যামুয়েল লিনো। ব্রাজিলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ।

বিজ্ঞাপন

৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনজুরি টাইমে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন লিনো। ভারতও চেষ্টা করে তবে ব্রাজিলের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) একই মাঠে আরেক দক্ষিণ আমেরিকান দল ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD