জেসুসের নতুন সিদ্ধান্ত, রোনালদোর জবাবের অপেক্ষায় ফেডারেশন

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চলমান দূরত্ব কমাতে আলোচনায় বসতে রাজি হয়েছেন পর্তুগাল কোচ জর্জ জেসুস। জাতীয় দলের অধিনায়ক সেই আলোচনায় সাড়া দেবেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
বিজ্ঞাপন
পর্তুগিজ সংবাদপত্র ‘আ বোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর সঙ্গে জরুরি বৈঠকে বসার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জেসুস। দুই পক্ষই চায়, দুই দশকের বেশি সময়ের জাতীয় দল ক্যারিয়ারের শেষটা যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়ে না হয়।
নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখার পর থেকেই জেসুসের সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়। এরপর ডেনমার্কের বিপক্ষেও কৌশলগত কারণে পর্তুগালের সাত নম্বর জার্সিধারীকে একাদশের বাইরে রাখার কথা জানান কোচ। এর একদিন আগে ক্ষুব্ধ রোনালদো দলের ক্যাম্প ছেড়ে যান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি শুধু দলের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। লিসবনের বিভিন্ন স্থানে সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। পোর্তোতে জাতীয় দল পৌঁছানোর পরও সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়।
বিজ্ঞাপন
বর্তমানে রোনালদো মাদ্রিদে অবস্থান করছেন। কোপেনহেগেনের ক্যাম্প ছাড়ার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। অন্যদিকে, রোববার নরওয়ের বিপক্ষে ম্যাচের পর জাতীয় দলের অস্বস্তিকর পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পারছেন জেসুস।
এখন আলোচনায় বসার প্রস্তাবে রোনালদোর প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তিনি আলোচনায় সম্মত হলে চলমান বিরোধ মেটানোর সুযোগ তৈরি হবে। আর সাড়া না দিলে পর্তুগালের জার্সিতে তার দীর্ঘ ক্যারিয়ার কোন পথে এগোবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে।








