Logo

হঠাৎ ক্যাম্প ছাড়ায় ছয় মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৫:৪৮
হঠাৎ ক্যাম্প ছাড়ায় ছয় মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প হঠাৎ ছেড়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। দেশটির ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া জাতীয় দলের ক্যাম্প বা কার্যক্রম ছেড়ে গেলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে এর সঙ্গে জরিমানাও হতে পারে।

বিজ্ঞাপন

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে বুধবার জাতীয় দলের ক্যাম্প থেকে চলে যান রোনালদো। তার এই সিদ্ধান্তের আগে পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল। রোনালদো সম্প্রতি নরওয়ের বিপক্ষে ম্যাচেও খেলেননি এবং এরপর দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনের পরিবর্তে জিমে কাজ করেছিলেন।

তবে জেসুস প্রকাশ্যে দুজনের মধ্যে কোনো বড় ধরনের বিরোধের কথা অস্বীকার করেছেন। তার ভাষ্য, রোনালদো কোচের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছিলেন। রোনালদোকে বেঞ্চে রাখার সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জেসুস জানান, তবে বিষয়টিকে তিনি তখনই শেষ হয়ে যাওয়া ঘটনা হিসেবে দেখছিলেন।

এর মধ্যেই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান রোনালদো। তিনি লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পরে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন পর্তুগিজ তারকা। সতীর্থদের উদ্দেশে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ মানুষকে এর কারণ সম্পর্কে সত্যিটা জানাব, যে কারণে আমাকে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই দলের প্রতি আমি সবসময় নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল এবং আমার সব সতীর্থের জন্য, কোনো ব্যতিক্রম ছাড়াই শুভকামনা জানানোর সময়।’

পর্তুগাল ফুটবল ফেডারেশনও রোনালদোর ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, তার অনুপস্থিতিতেও দল ডেনমার্ক ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাবে।

ফেডারেশনের শৃঙ্খলাবিধিতে জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে ক্যাম্প, অনুশীলন, ম্যাচ বা সংশ্লিষ্ট কার্যক্রমে অযৌক্তিকভাবে অনুপস্থিত থাকা কিংবা মাঝপথে সরে যাওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। তবে রোনালদোর ক্ষেত্রে ওই বিধান প্রয়োগ করা হবে কি না, সেটিই এখন মূল প্রশ্ন।

বিজ্ঞাপন

এদিকে জর্জে জেসুস বলেছেন, ‘সবার জন্য নিয়ম একই। ম্যাচে কী হবে আমি জানি না। কোনো সময় যদি আমাদের রোনালদোকে প্রয়োজন হয় সে খেলবে। যদি প্রয়োজন না হয়, খেলবে না।’

সৌদি ক্লাব আল নাসরে রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস আরও বলেন, বেঞ্চে বসানোর পর অনুশীলন করতে রোনালদো অস্বীকৃতি জানাননি। তার বক্তব্য, ‘মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। সিদ্ধান্ত আমিই নিই এবং সবাই সেটা জানে। আমি যা চাই, তার প্রতিশ্রুতি দিতে পারি। আমিই কোচ। কোনো খেলোয়াড় কখনও আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।’

রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনা তাই এখন শুধু ডেনমার্ক ম্যাচকে ঘিরে নয়, তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে ছয় মাসের নিষেধাজ্ঞা এ মুহূর্তে সম্ভাব্য শাস্তি মাত্র; চূড়ান্তভাবে এমন কোনো নিষেধাজ্ঞা আরোপের খবর পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD