২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ বিরাট কোহলির

দীর্ঘ ২৪৮১ দিন পর ওয়ানডেতে আবারও ‘গোল্ডেন ডাক’-এর শিকার হলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। পাঞ্জাবের মুল্লানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জেডেন সিলসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
বিজ্ঞাপন
২০১৯ সালের পর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে আউট হলেন কোহলি। সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি এবং দ্বিতীয় ম্যাচে ২৯ রান করায় শেষ ম্যাচেও তার ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল। তবে মাঠে নেমেই সেই প্রত্যাশায় ছেদ পড়ে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের শুরুতেই জেডেন সিলসের মুখোমুখি হন কোহলি। প্রথম বলেই অফ স্টাম্প উপড়ে দিয়ে তাকে সাজঘরের পথ দেখান ওয়েস্ট ইন্ডিজের এই পেসার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওয়ানডে ক্যারিয়ারে এটি কোহলির চতুর্থ ‘গোল্ডেন ডাক’। সর্বশেষ ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়ানডেতে প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। সেবার কোহলিকে ফেরান কাইরন পোলার্ড।
এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি এবং ২০১৩ সালে ইংল্যান্ডের টিম ব্রেসনান ওয়ানডেতে কোহলিকে প্রথম বলেই আউট করেছিলেন।
এদিকে ওয়ানডেতে এটি কোহলির ১৯তম ‘ডাক’। ভারতীয় ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তার ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডেতে শচীনের ডাক ২০টি। কোহলি ৩১৭ ম্যাচে ১৯ বার শূন্য রানে ফিরেছেন।
বিজ্ঞাপন
ভারতের হয়ে ওয়ানডেতে ১৯টি ডাক আছে সাবেক পেসার জাভাগাল শ্রীনাথেরও।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচে তিনি ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন।








