Logo

মাদকবিরোধী অভিযানে যুবকের মাথা ফাটল, দায় নিচ্ছেন না এমপি-পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৭:১৯
মাদকবিরোধী অভিযানে যুবকের মাথা ফাটল, দায় নিচ্ছেন না এমপি-পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের কাছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজসংলগ্ন ফুটপাতে কথিত মাদকবিরোধী অভিযানে আরিফ হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত হওয়ার ঘটনায় পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজের পক্ষ থেকে অভিযান পরিচালনার দায় অস্বীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সংসদ সদস্যের লোকজন পুলিশ ছাড়াই ওই অভিযান চালিয়েছিলেন। তবে ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান দাবি করেছেন, এ ধরনের কোনো অভিযান সংসদ সদস্যের পক্ষ থেকে পরিচালিত হয়নি।

পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বেলা ১১টার দিকে সংসদ সদস্য ববি হাজ্জাজের কার্যালয়ের লোকজন জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মাদক সেবন করছিলেন বলে অভিযোগ ওঠা আরিফ হোসেনের মাথায় আঘাত লাগে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে তাকে কলেজ গেট থেকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে তাকে থানায় সোপর্দ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আরিফের মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, রেসিডেনসিয়াল মডেল কলেজসংলগ্ন সড়কটির পরিস্থিতি খারাপ হওয়ায় স্থানীয় নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে সম্মিলিতভাবে অভিযান চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় আরিফ গাঁজা সেবন করছিলেন এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি আহত হন।

বিজ্ঞাপন

তবে কিছুক্ষণ পর ওই কর্মকর্তা ফোন করে আগের বক্তব্য উদ্ধৃত না করার অনুরোধ জানান। তিনি বলেন, আরিফকে পুলিশ আটক করেনি; স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি মাদক সেবন করেছিলেন কি না, তা নিশ্চিত হতে তাকে ডোপ টেস্টের জন্য পাঠানো হয়েছে বলেও জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সংসদ সদস্য ববি হাজ্জাজের ব্যক্তিগত কর্মকর্তা ইনতিশার মাশুক প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় একটি নাগরিক সংগঠন রয়েছে, যারা মাঝেমধ্যে এ ধরনের অভিযান চালায়। তার দাবি, এটি সংসদ সদস্যের উদ্যোগে পরিচালিত কোনো অভিযান নয়।

এর আগে শনিবার ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র হাতে উপস্থিত হওয়ায় আলোচনায় আসেন। তার ওই অভিযান নিয়ে বিতর্কের সৃষ্টি হলে সোমবার দুপুরে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD