ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন

মাদকবিরোধী উদ্যোগ নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। মাদক বন্ধের উদ্দেশ্য নিয়েই তিনি উদ্যোগ নিয়েছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত ইশরাক ফাঁদে পড়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় মূল দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। একজনের ভুলের দায় অন্যজনকে বহন করতে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হলেও তার পরিণতি ভোগ করতে হচ্ছে ইশরাক হোসেনকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন থেকে চার মাসের বিভিন্ন ঘটনার তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হিন্দু সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি তুলে ধরলেই যেন তাঁদের কোনো রাজনৈতিক তকমা দেওয়া না হয়। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে চান এবং উভয় পক্ষের মধ্যে পারস্পরিক ভালোবাসা রয়েছে।
ভুল-বোঝাবুঝি দূর করতে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বানও জানান তিনি। প্রয়োজনে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে মনে করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, উভয় পক্ষ আলোচনায় আগ্রহী হলে পারস্পরিক দূরত্ব কমিয়ে ভুল-বোঝাবুঝির অবসান ঘটানো যেতে পারে।








