তীব্র সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনায় সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ঘটনার দুই দিন পর সোমবার (১৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।
বিজ্ঞাপন
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক। এ সময় পদত্যাগের কারণ ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
সাম্প্রতিক সময়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে তাকে ঘিরে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
বিজ্ঞাপন
ইশরাক জানান, সোমবার থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের সুযোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ইশরাক বলেন, সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। সেখানে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন এবং জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবেন। তার কর্মকাণ্ডের কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কার্যক্রম প্রশ্নের মুখে না পড়ে, সে বিষয়টিও আলোচনায় তুলে ধরেন তিনি।
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরের সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক।
বিজ্ঞাপন
তবে এর আগের রাতে তার পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এর ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এর পরদিনই সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।








