Logo

দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি : ইশরাক হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৩:৫৩
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি : ইশরাক হোসেন
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তাঁর দাবি, দল থেকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি; বিশেষ কারণেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

এর আগে নিজের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা জানান ইশরাক। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পরও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় থাকার কথা জানিয়ে ইশরাক বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপির কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’

নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘পরিচ্ছন্নতা কর্মসূচি আরো জোরদার হবে।

বিজ্ঞাপন

দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। ওই ঘটনার পরদিন রোববার মন্ত্রিসভা থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে এ নির্দেশ দেন।

তবে এ খবরকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন ইশরাক হোসেন। গণমাধ্যমে পাঠানো একটি অডিওবার্তায় তিনি এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পরে রাত ১২টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনো নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা সংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। অতএব এসংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ অথবা আরো দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।’

সবশেষে নিজেই পদত্যাগের ঘোষণা দিয়ে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন। তবে তাঁর পদত্যাগের পেছনে ঠিক কী বিশেষ কারণ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এই বক্তব্যে উঠে আসেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD