দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। সেখানে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
পোস্টে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানানো ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেন তিনি। ইশরাক লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ইশরাক। বরং দলীয় কর্মী হিসেবে এ কার্যক্রম আরও জোরালোভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এ প্রসঙ্গে নিজের পোস্টে ইশরাক বলেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফর করার সুযোগ পাবেন বলে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
এর আগে রবিবার রাতে ইশরাকের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে পদত্যাগের বিষয়ে নিজের চূড়ান্ত অবস্থান তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।








