Logo

মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ২২:৩০
মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে রবিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইশরাকের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরতে বলছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে আটক করতে এগিয়ে যান। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতে শোনা যায়। এ ছাড়া এক দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতেও দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী ব্যক্তিগত অস্ত্র হাতে কাউকে আটক করতে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনা করতে পারেন কি না। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তদন্তে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর পদত্যাগের নির্দেশের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি সরকারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা তথ্য হিসেবেই রয়েছে। অন্যদিকে, অস্ত্র প্রদর্শনের ঘটনায় পুলিশের তদন্তের মাধ্যমে অভিযানের আইনগত দিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD