Logo

আবারও কারাগারে সংগীতশিল্পী নোবেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৪:০৪
আবারও কারাগারে সংগীতশিল্পী নোবেল
ছবি: সংগৃহীত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, জামিন পাওয়ার সময় আপোষের যে শর্ত নির্ধারণ করা হয়েছিল, তা পালন করতে ব্যর্থ হয়েছেন নোবেল। অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিলেও জামিনে মুক্ত থাকার সময় তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থও ফেরত দেননি। ফলে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে নোবেলকে অস্থায়ী জামিন প্রদান করেন, যার মেয়াদ ছিল ২ এপ্রিল পর্যন্ত। মামলার নথিতে উল্লেখ করা হয়, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দেন নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করে এবং নেওয়া অর্থ ফেরত না দিয়ে তা আত্মসাৎ করেন নোবেল। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট মামলা দায়ের হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

এই প্রতিবেদনের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারি আদালত নোবেল, তার মা ও স্ত্রীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিনের মাথায় তিনি জামিনে মুক্তি পান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD