হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। হাইকোর্ট বিভাগ বাংলাদেশ-এর নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বুধবার (২২ এপ্রিল) সকালে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ করেন।
বিজ্ঞাপন
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানান। এতে পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করার অঙ্গীকার করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে। তিনি জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানদের পুনর্বহালের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।







