জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। একই সঙ্গে বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি বা নির্দেশনার অভিযোগসহ ৩৮টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে সাত মামলার মধ্যে একটি মামলায় তিনি জামিন পেলেও বাকি ছয় মামলার বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।








