Logo

হত্যা মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুন, ২০২৬, ১৭:০৮
হত্যা মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা এবং মো. জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

বিজ্ঞাপন

এরও আগে ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে যাত্রাবাড়ী পদচারী সেতুর নিচে অবস্থান করেছিলেন খোয়াইব। পরে আন্দোলনকারীদের মিছিল যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশ ও মদদে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সশস্ত্র সদস্যরা গুলি চালায়। এতে গুরুতর আহত হন খোয়াইব। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ মোট ৮০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ধারাবাহিকভাবে তাকে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD