Logo

আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয় : কাঠগড়ায় পলক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৫:২৪
আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয় : কাঠগড়ায় পলক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করছেন এবং আল্লাহর ওপরই ভরসা রাখেন। সোমবার (১৭ আগস্ট) আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।’

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন অষ্টম সাক্ষী হিসেবে এক শিক্ষার্থী সাক্ষ্য দেন। নিরাপত্তার কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

সাক্ষী তার জবানবন্দিতে জানান, ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি আন্দোলনে অংশ নেন। ৫ আগস্ট দুপুর ২টার পর শেখ হাসিনার পতনের খবর পান তারা। পরে বন্ধুদের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকায় বিজয় মিছিলে যোগ দেন। ওই দিন নিজের চোখের সামনে কয়েকজনকে গুলিবিদ্ধ হতেও দেখেছেন বলে জানান তিনি।

সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর জবানবন্দিতে একটি সংশোধনী আনার আবেদন করে প্রসিকিউশন। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এর বিরোধিতা করেন পলক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় আদালত, এ মুহূর্তে কোনো সংশোধনী না নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। খুব সুন্দরভাবে সাক্ষ্য সম্পন্ন করেছে প্রসিকিউশন। মাননীয় আদালতও মূল্যবান সময় দিয়েছেন। অতএব আমার অনুরোধ, সাক্ষ্যগ্রহণ শেষে আর কোনো সংশোধনী যেন না নেওয়া হয়।’

এরপর পলক বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার প্রার্থনা করছি। আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।’ পরে পলকের পক্ষে সাক্ষীকে জেরা শুরু করেন আইনজীবী লিটন আহমেদ।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মার্জিনা রায়হান, মামুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমান।

এই মামলায় জুনাইদ আহমেদ পলকের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও আসামি করা হয়েছে। তিনি পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD