Logo

স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
১৯ আগস্ট, ২০২৬, ১৪:৫৯
স্বামীর মৃত্যুতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন
ছবি: সংগৃহীত

স্বামীর মৃত্যুর পর মানবিক কারণে প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ আগস্ট) দুপুরে তার পরিবারের পক্ষ থেকে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম এ আবেদন করেন।

বিজ্ঞাপন

দুপুর ১টার দিকে আইনজীবী ও পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। আবেদনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরই দীপু মনির মুক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে তার সঙ্গে আলোচনা ও পরামর্শের পর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর দীপু মনির পরিবারের তিন সদস্য এবং তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনটি জমা দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, আবেদনটি অনুমোদিত হলে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে কি না, তা এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD