আপিল বিভাগের নতুন বিচারক হলেন বিচারপতি হাবিবুল গনি

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি হাবিবুল গনির শপথ গ্রহণের দিন থেকেই নিয়োগ কার্যকর হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিচারপতি হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
দীর্ঘ আইন পেশার পর ২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিচারিক কর্মজীবনে তিনি আইন ও বিচার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনের মধ্যে ওয়ার্ল্ড পিস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিও ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পেশাগত ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবে বিচারপতি হাবিবুল গনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারত সফর করেছেন।
বিজ্ঞাপন
আপিল বিভাগে নতুন দায়িত্বের মাধ্যমে বিচারপতি হাবিবুল গনির দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ আদালতের বিচারকার্যে আরও কাজে লাগবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।








