Logo

গাজী নজরুলসহ তিন আসামির বিরুদ্ধে প্রতিবেদন ২২ অক্টোবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৭
গাজী নজরুলসহ তিন আসামির বিরুদ্ধে প্রতিবেদন ২২ অক্টোবর
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন নির্ধারণ করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় সোমবার তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করা হয়। মামলার অভিযোগে মরিয়মের বাবা দাবি করেছেন, চলতি বছরের জুনে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয় এবং এ বিয়েতে তার মামা ওবায়দুর রহমানের ভূমিকা ছিল।

বিয়ের পর মরিয়ম গাজী নজরুল ও মাকসুদা ইসলামের সঙ্গে ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে থাকতেন। সেখানে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে পরিবারের সদস্যদের কাছে মরিয়ম অভিযোগ করেছিলেন—এমন দাবি মামলার এজাহারে করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পর রাতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় যেতে বলেন। পরে সেখানে গিয়ে তিনি মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মরদেহ উদ্ধারের সময় মরিয়মের বিছানা থেকে হাতে লেখা একটি চিরকুট পাওয়ার কথাও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। চিরকুটটির বিষয়বস্তু ও মৃত্যুর সঙ্গে এর সম্পর্কসহ ঘটনার অন্যান্য দিক তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD