‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’, আদালতে আইভীর স্লোগান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে বিচারক আবু শামীম আজাদের আদালতে সশরীরে উপস্থিত হন।
শুনানি শেষে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টিতে থাকা আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তাঁর সঙ্গে একই স্লোগান দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর। ওই বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভী রয়েছেন ১১ নম্বর আসামি হিসেবে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে শুনানি এবং তাঁর পুনর্জামিন আবেদনের জন্য দিন ধার্য ছিল। শুনানির সময় তাঁর আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক আইনে প্রতিবেদন দাখিল করলেও পাবলিক প্রসিকিউটর (পিপি) বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি হতে পারে—এমন যুক্তিতে এতে সম্মতি দেননি। আইনজীবীর দাবি, এ অবস্থান আইনগতভাবে সঠিক নয় বলে তাঁরা আদালতে যুক্তি তুলে ধরেন এবং পুনর্জামিনের আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় পুনর্জামিনের আবেদনের শুনানির দিন ধার্য থাকায় আইভী আদালতে এসেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালতে আইভী কোনো বক্তব্য দেননি। তবে গাড়িতে ওঠার সময় কয়েকজন আইনজীবী স্লোগান দেন। পরে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।








