নির্দোষ হয়েও আজ আসামির কাঠগড়ায়: আদালতে আইভী

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। হাজিরা শেষে তিনি দাবি করেন, কোনো অপরাধ না করেও আজ তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজির হন।
আদালত প্রাঙ্গণে আইভীকে হাস্যোজ্জ্বল অবস্থায় নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি আদালতে প্রবেশ করেন। আদালতে ঢোকার পরপরই তার করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আজ অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অথচ আজ আমাকেই অপরাধীর আসনে দাঁড়াতে হচ্ছে। আল্লাহ আছেন, নারায়ণগঞ্জের মানুষ আছেন—তারা সবই দেখবেন। আপনারাও দেখবেন।’
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, সদর থানার মামলায় তার হাজিরার দিন ছিল। তিনি বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরা গ্রহণের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে আরও পাঁচটি এবং পরে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর চলতি বছরের ৩ জুন তিনি জামিনে মুক্তি পান।








