বিকেলেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, সব প্রস্তুতি সম্পন্ন

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগকে ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলেই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন।
বিজ্ঞাপন
বঙ্গভবন সূত্রের তথ্য অনুযায়ী, বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র হস্তান্তর করা হবে। মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
তার দায়িত্বকালেই দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এ সময় গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনিই দেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি ভিন্ন সময়ে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলও প্রতিবাদ জানায়।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।








