রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চললেও এ বিষয়ে নিজের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্ধারিত সময়ের আগেই থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে তিনি বলেন, ব্যক্তিগত চিকিৎসা শেষ হওয়ায় ফিরেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে তিনি কিছু জানেন না।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করলেন বা কী হলো, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন দেশে এসে হয়তো জানতে পারব।’
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্পিকার বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। তিনি পদত্যাগ করবেন কি করবেন না, তা আমি জানি না। তাই এ বিষয়ে অনুমাননির্ভর কোনো মন্তব্য করতে চাই না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তার ২৬ জুলাই ফেরার কথা ছিল। তবে চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আগেই দেশে ফিরে এসেছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে এ বিষয়ে বিধান রয়েছে। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা চলাকালে আগাম দেশে ফেরায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়।
বাংলাদেশে এর আগে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এ দায়িত্বে ছিলেন।








