Logo

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে যশোরে ব্যাপক কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
যশোর
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৯
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে যশোরে ব্যাপক কর্মসূচি
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যশোর জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সরকারি এম এম কলেজ ক্যাম্পাসস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।

পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো নিজস্ব সুবিধাজনক সময়ে এম এম কলেজ শহীদ মিনার অথবা স্ব স্ব প্রতিষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করবে। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারে, সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে বেলা ১১টায় কালেক্টরেট মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি এবং শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আশেক হাসান জানান, সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ঘোষিত কর্মসূচিই বহাল থাকবে। অন্যান্য বছরের ন্যায় সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হবে। পুরো আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/এসআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD