নগদ টাকা ছিল না, কিউআর স্ক্যানেই চা থেকে সবজি কিনলেন গভর্নর

দেশে নগদহীন লেনদেন জনপ্রিয় করতে এবার নিজেই মাঠে নেমে এর ব্যবহারিক প্রদর্শন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। পকেটে নগদ টাকা ছাড়াই স্মার্টফোন ব্যবহার করে ‘বাংলা কিউআর’ স্ক্যানের মাধ্যমে ফুটপাতের চায়ের দোকান, রেস্টুরেন্ট, সুপার শপ এবং কাঁচাবাজারে কেনাকাটার বিল পরিশোধ করেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বেরিয়ে রাজধানীর মতিঝিল এলাকায় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধারাবাহিকভাবে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করেন গভর্নর। এ উদ্যোগের মাধ্যমে তিনি নগদবিহীন বা ক্যাশলেস লেনদেনের সুবিধা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
দিনের শুরুতেই তিনি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কিছু পণ্য কেনেন। এরপর রাস্তার পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে সেখানে থাকা ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধ করেন।
আরও পড়ুন: দুই দফা কমার পর আবার বাড়ল সোনা-রুপার দাম
বিজ্ঞাপন
পরে একটি সুপার শপে গিয়ে একই পদ্ধতিতে একটি পিনাট বার কেনেন। দুপুরে একটি রেস্টুরেন্টে মোগলাই খেয়ে বিলও পরিশোধ করেন ডিজিটাল কিউআর স্ক্যানের মাধ্যমে। দিনের শেষ পর্যায়ে একটি কাঁচাবাজারে গিয়ে সবজি বিক্রেতার কিউআর কোড স্ক্যান করে সবজির মূল্যও পরিশোধ করেন তিনি।

ফুটপাতের দোকান থেকে শুরু করে সুপার শপ, রেস্টুরেন্ট ও কাঁচাবাজার—সব জায়গায় একই পদ্ধতিতে লেনদেনের মাধ্যমে গভর্নর একটি বার্তা দিতে চেয়েছেন যে, ডিজিটাল পেমেন্ট এখন আর কেবল বড় ব্যবসাপ্রতিষ্ঠান বা নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং সাধারণ ক্রেতারাও সহজেই এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশে একটি সমন্বিত ও আন্তঃপরিচালনাযোগ্য ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নগদ অর্থ বহনের প্রয়োজন কমানো, ভাঙতি টাকার ঝামেলা দূর করা এবং বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্মের পরিবর্তে একটি অভিন্ন কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করাই কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন প্রতীকী উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রতি আস্থা ও আগ্রহ বাড়াবে। একই সঙ্গে দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে ‘বাংলা কিউআর’ ব্যবহারে লেনদেন ফিও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, এই কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে বিক্রেতারা ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত চার্জ কেটে রাখতে পারবেন। এই নীতির মাধ্যমে একীভূত ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।








