Logo

ডজনে ১০ টাকা কমেছে ডিম, আগের দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৬, ১১:৫৩
ডজনে ১০ টাকা কমেছে ডিম, আগের দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। মাছ ও মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় ডজনপ্রতি ডিমের দাম ১০ টাকা কমেছে। মাছের দামে অবশ্য প্রতিদিনই কিছুটা ওঠানামা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বাজারে বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গত সপ্তাহে একই পরিমাণ ডিমের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম কমেছে প্রায় ১০ টাকা।

মাছের বাজারে তেমন বড় পরিবর্তন দেখা যায়নি। কোনো কোনো মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে, আবার কিছু মাছের দাম ১০ থেকে ২০ টাকা কমেছে। অন্যদিকে গরুর মাংস আগের মতোই প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি ২০০ টাকা থাকলেও শুক্রবার ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

মাছের বাজারে পুকুরের পাঙাশ প্রতি কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা। রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে কেজিপ্রতি গুনতে হচ্ছে এক হাজার টাকার বেশি।

বিজ্ঞাপন

পাঙাশ মাছ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, আগে পাঙাশ ১৮০ টাকা কেজিতে পাওয়া গেলেও এখন ২০০ টাকার নিচে মিলছে না। তেলাপিয়ার দামও কয়েক মাসের ব্যবধানে প্রায় ৬০ টাকা বেড়েছে। বর্তমানে ২৬০ টাকা কেজি দরে তেলাপিয়া কিনতে হচ্ছে।

রায়ের বাজারের মুরগি বিক্রেতা আনিস আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম কিছুটা কম ছিল। শুক্রবার সামান্য বেড়েছে। তবে ব্রয়লার ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেখানে গত সপ্তাহে দাম ছিল ২০০ টাকা। সোনালি মুরগির দাম আগের মতোই রয়েছে এবং ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রায়ের বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মাছের দাম মোটামুটি আগের অবস্থাতেই রয়েছে। কিছু মাছের দাম এমনিতেই বেশি। বাজারে প্রতিদিনই ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দামের ওঠানামা দেখা যায়। সকাল ও বিকেলেও একই মাছের দামে পার্থক্য থাকতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD