Logo

এমপিওভুক্তির পথে আরও ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০২
এমপিওভুক্তির পথে আরও ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

সরকার আগামী সপ্তাহেই আরও ১,৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে পারে। এ সিদ্ধান্তের জন্য ইতোমধ্যে ৬৭০ কোটি টাকার বরাদ্দ অনুমোদনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় বেসরকারি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করতে চায় সরকার। এর আগে গত মাসে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হয়েছিল।

বিজ্ঞাপন

মাউশি সূত্রে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ৩,৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১,৭১৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয়েছে। এই তালিকা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি বছরে ৬৭০ কোটি টাকা ব্যয় হবে। তবে চলতি অর্থবছরে প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা, যেখানে সংশোধিত বাজেটে ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিভাগীয় তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ৪৭১টি, মাধ্যমিক বিদ্যালয় ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১০৫টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ ১৪৫টি। মাদরাসা শিক্ষা খাতে ৭৮টি দাখিল, ২০২টি আলিম এবং ৩৫টি ফাজিল পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষক ও সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদের প্রায় অর্ধেক সময় ধরে শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন সময়ে রাস্তায় আন্দোলন করেছেন। সরকার প্রথমে ব্যয়সংকোচনের কারণে কিছুটা রক্ষণশীল থাকলেও, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর গত বছরের শেষ দিকে এমপিওভুক্তির বিষয়ে নীতিমালা আরও নমনীয় হয়েছে। বর্তমানে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দিকে এগোচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD