Logo

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১২:৫১
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার (৭ জুন) থেকে আবারও পাঠদান শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই শ্রেণি কার্যক্রম চালু হয়েছে।

বিজ্ঞাপন

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এসব প্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে পুনরায় খুলেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি স্তরের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন থেকে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদের ছুটির সময় আরও দীর্ঘ হয়।

বিজ্ঞাপন

তবে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি এখনও শেষ হয়নি। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে। ফলে মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের অবকাশ পাচ্ছেন।

এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী মাসগুলোতেও বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। জুলাই মাসে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি রয়েছে। এছাড়া আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD