সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ম্যাথ ল্যাব: ববি হাজ্জাজ

দেশের প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর এবং দক্ষতাভিত্তিক করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে তাদের মধ্যে বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুল এলাকায় অবস্থিত গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শিক্ষা ও অর্থনীতির কাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা এবং উদ্ভাবনের যুগে টিকে থাকতে হলে শিশুদের প্রাথমিক পর্যায় থেকেই গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার পরিবেশকে আরও আকর্ষণীয় ও কার্যকর করতে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রচলিত পাঠদানের পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীরা গণিতকে শুধু একটি বিষয় হিসেবে নয়, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানের একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখতে শিখবে। ম্যাথ ল্যাবের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং বিশ্লেষণী দক্ষতা বিকাশে সহায়তা পাওয়া যাবে।
ববি হাজ্জাজ আরও বলেন, বর্তমান সময়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীদের সফলভাবে এগিয়ে নিতে হলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে এসব বিষয়ের ভিত্তি মজবুত করা প্রয়োজন। ম্যাথ ল্যাব সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।
প্রতিমন্ত্রী জানান, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি শিশু নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। ভবিষ্যতে যাতে তারা বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক, প্রযুক্তিবিদ কিংবা উদ্ভাবক হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেজন্য প্রাথমিক স্তর থেকেই উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, বরং দক্ষতা অর্জন, সৃজনশীলতা বৃদ্ধি এবং বাস্তব জ্ঞান প্রয়োগের সক্ষমতা গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। ম্যাথ ল্যাব শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।
এ সময় তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, শিশুদের শিক্ষাজীবনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
ববি হাজ্জাজ আশা প্রকাশ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, শিক্ষার মান উন্নত হবে এবং প্রযুক্তিবান্ধব মানবসম্পদ তৈরির পথ আরও সুগম হবে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।








