Logo

২ জুলাই শুরু এইচএসসি পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্নপত্র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৫:২০
২ জুলাই শুরু এইচএসসি পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্নপত্র
ছবি: সংগৃহীত

আগামী বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা বন্যাজনিত কোনো সমস্যা দেখা দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় শিক্ষা ও প্রাথমিক শিক্ষাখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার স্বচ্ছতা, সমতা এবং মূল্যায়ন প্রক্রিয়ায় সামঞ্জস্য আনতে সব সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফল ও প্রশ্নপত্রের মান নিয়ে যে ধরনের তুলনা বা প্রতিযোগিতামূলক আলোচনা দেখা যায়, তা কমিয়ে আনার লক্ষ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে সব বোর্ডের শিক্ষার্থীদের জন্য সমান মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব বোর্ড, প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্র প্রস্তুত, সংরক্ষণ এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রাকৃতিক দুর্যোগের বিষয়েও কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময় যদি কোনো এলাকায় ঝড়, অতিবৃষ্টি, বন্যা কিংবা অন্য কোনো দুর্যোগ দেখা দেয়, তাহলে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে দুর্যোগের কারণে কোথাও পরীক্ষা গ্রহণে সমস্যা সৃষ্টি হলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত ও বন্যার সম্ভাবনা বিবেচনায় রেখেই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD