কড়া নিরাপত্তায় শুরু এইচএসসি পরীক্ষা

সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পৃথক প্রশ্নপত্রে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে গঠন করা কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
বিজ্ঞাপন
পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) কোর্সের বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
এবার পরীক্ষায় দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে রয়েছে ১ হাজার ৬২৬টি কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য ৬১০টি কেন্দ্র।
বিজ্ঞাপন
শিক্ষা বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। এ বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষা নির্বিঘ্ন রাখতে প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্রের শৃঙ্খলা এবং সার্বিক তদারকিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে।








