Logo

বাংলা ১ম পত্রের প্রশ্ন সহজ, এমসিকিউ নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৪:৫৩
বাংলা ১ম পত্রের প্রশ্ন সহজ, এমসিকিউ নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অধিকাংশ পরীক্ষার্থী। তাদের মতে, প্রশ্নপত্র ছিল সহজ, ভারসাম্যপূর্ণ এবং প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথা জানিয়েছেন অনেকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বেরিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন অভিমত জানা যায়।

পরীক্ষার্থী তানভীর, যিনি শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, বলেন, বাংলা প্রথম পত্রের পরীক্ষা প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তার মতে, প্রশ্ন খুব কঠিন ছিল না এবং পরীক্ষাকক্ষের পরিবেশও স্বাভাবিক ছিল। অতিরিক্ত কঠোরতা ছাড়াই সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরেছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরেক পরীক্ষার্থী হাসিবা বলেন, প্রশ্নের মান ভালো ছিল এবং তার প্রস্তুতির সঙ্গে বেশিরভাগ প্রশ্নের মিল পাওয়া গেছে। সে কারণে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে সক্ষম হয়েছেন। ফলাফল নিয়েও আশাবাদী বলে জানান তিনি।

ফাহমিদা নামে আরেক পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্রে তেমন কোনো অপ্রত্যাশিত বিষয় ছিল না। অধিকাংশ প্রশ্ন পরিচিত ধাঁচের হওয়ায় সবগুলোর উত্তর দিতে পেরেছেন। তবে এমসিকিউ অংশে দুই-একটি প্রশ্নের উত্তর নিয়ে এখনো কিছুটা দ্বিধায় রয়েছেন।

একই ধরনের অভিমত জানিয়েছেন আরও কয়েকজন পরীক্ষার্থী। তাদের ভাষ্য, সৃজনশীল অংশ তুলনামূলক সহজ ছিল এবং সময়ের মধ্যেই উত্তর লেখা সম্ভব হয়েছে। তবে বহুনির্বাচনি অংশে কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর নিয়ে তারা পুরোপুরি নিশ্চিত নন।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD