সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত তথ্য সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নির্ধারিত ছকে পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং পুরুষ ও নারী সহকারী শিক্ষকদের মধ্যে কতজন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তা উল্লেখ করতে হবে। পাশাপাশি তাদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে অনুপস্থিত আছেন, সেটিও পৃথকভাবে উল্লেখ করতে বলা হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।








