একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ সবচেয়ে বেশি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ হওয়ার কথা। এরপরই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। তবে ভর্তি কার্যক্রম, ফি ও অন্যান্য খরচের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা বোর্ডগুলো।
বিজ্ঞাপন
সম্প্রতি একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৈঠকে আগের মতোই এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে একাদশে শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এলাকাভেদে ভর্তি ফি ও অন্যান্য খরচও আগের নীতিমালার কাছাকাছি রাখার সম্ভাবনা রয়েছে।
২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি ফি ছিল ৫ হাজার টাকা। ঢাকার বাইরে অন্যান্য মহানগর এলাকায় এ ফি ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় দেড় হাজার টাকা।
নন-এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে ভর্তি ফি ছিল ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা। ঢাকার বাইরে অন্যান্য মহানগর এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারিত ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া নন-এমপিও কলেজে জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয়। উপজেলা ও মফস্বল এলাকায় বাংলা ভার্সনে আড়াই হাজার এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ফি নির্ধারিত ছিল।
ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে মোট ৩৩৫ টাকা নিতে পারে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ভাতা বাবদ ১০০ টাকা রয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় এবার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। ভর্তি ফি ও অন্যান্য ফিও আগের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, এসএসসি ও সমমানের ফল প্রকাশের আগেই একাদশে ভর্তির বিস্তারিত প্রক্রিয়া জানানো হতে পারে। তা না হলে ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।








