পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় বলিউড অভিনেত্রী

সিনেমার রূপালি পর্দার সীমা ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জগতে প্রবেশ করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে এই নতুন অভিযাত্রায় তিনি একা নন—সঙ্গে এনেছেন নিজেরই এক ডিজিটাল সংস্করণ, যার নাম দিয়েছেন ‘মিষ্টি’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিশেষ ভিডিওর মাধ্যমে ভক্তদের সামনে এই এআই অবতারকে পরিচয় করিয়ে দেন তিনি।
বিজ্ঞাপন
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সমুদ্রতটে একা একা ঘুরে বেড়াচ্ছে রিয়ার এই ডিজিটাল রূপ। হাঁটা, কথা বলা, এমনকি গায়ের বর্ণ—সবকিছুতেই যেন বাস্তব রিয়ারই প্রতিচ্ছবি। ভিডিওটির পটভূমিতে শোনা যায় তার কণ্ঠস্বর। সেখানে তিনি বলেন, ‘গোলাপ লাল, নীল বনফুল, চলো তুমি-আমি মিলে ভেঙে দিই পিতৃতন্ত্র।’ এই সংলাপের মাধ্যমে ভিডিওটি একটি প্রতীকী বার্তাও তুলে ধরে।
রিয়ার ডাকনাম ‘মিষ্টি’র অনুকরণেই নামকরণ করা হয়েছে এই অবতারের। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এটি কেবল রিয়ার ক্লোন নয় বরং অভিনেত্রীর চিন্তা, আবেগ ও ব্যক্তিত্বের এক অনন্য সংমিশ্রণ। এআই স্টুডিওর অত্যাধুনিক প্রযুক্তি, সিনেম্যাটিক এআই মডেল, মোশন ক্যাপচার এবং ভয়েস সিন্থেসিস ব্যবহারের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। যা রিয়ার কণ্ঠস্বর এবং অঙ্গভঙ্গিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।
বিজ্ঞাপন
নিজের এই নতুন উদ্যোগ নিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘চোখের সামনে মিষ্টিকে প্রাণ পেতে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। সে কেবল আমার প্রতিচ্ছবি নয় বরং ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার একটি নতুন মাধ্যম। মিষ্টির মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্ত খুলে গেল।’
আরও পড়ুন: ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে সেলিব্রিটি ও ভক্তদের মধ্যকার যোগাযোগে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে। কারণ এই ‘মিষ্টি’র মাধ্যমেই ভক্তরা এখন প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার বা ভাব বিনিময়ের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, রিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘চেহরে’ ছবিতে। সেখানে তার সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির। বর্তমানে তিনি নিজের পডকাস্ট চ্যানেল নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো—শিগগিরই নেটফ্লিক্সের–এর নতুন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে তাকে। এই সিরিজে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও বিজয় বর্মা।








