Logo

‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল

profile picture
বিনোদন প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ২০:০০
‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

গুম হওয়া মানুষের পরিবারের সংগ্রাম ও বেদনার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘মায়ের ডাক’। চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণত চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি দেখা গেলেও মির্জা ফখরুলকে খুব একটা দেখা যায় না। তবে এ আয়োজনের ব্যতিক্রম ঘটেছে।

বিজ্ঞাপন

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের যাত্রা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক লাবিব নাজমুছ ছাকিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের অনুদানপ্রাপ্ত প্রকল্প হিসেবে সিনেমাটি নির্মিত হচ্ছে।

বিজ্ঞাপন

নির্মাতা বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবার—বিশেষ করে নারীদের জীবনসংগ্রাম, সংকট এবং তাদের দৈনন্দিন বাস্তবতা এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট ও যাপিত জীবনের গল্পকে চলচ্চিত্রে তুলে ধরা হবে। এটি রিফ্লেক্সিভ ও পার্টিসিপেটরি পদ্ধতিতে ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি ‘মায়ের ডাক’-এর অনুষ্ঠানে এলে আবেগ ধরে রাখতে পারি না। ‘মায়ের ডাক’ নামের একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে, এটি ইতিবাচক দিক। আমরা চাই এই সিনেমায় গুমের প্রকৃত ইতিহাস উঠে আসুক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আমি নিজেও একসময় গুমের শিকার হয়েছিলাম। গুমের বিষয়টি নিয়ে চলচ্চিত্র নির্মাণে তথ্য মন্ত্রণালয়ের অনুদান দেওয়া একটি ভালো উদ্যোগ।

বিজ্ঞাপন

‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য, বিভিন্ন পেশাজীবী ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, ‘মায়ের ডাক’ গুমের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের বাস্তবতা ও মানবিক দিকগুলো দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD