ট্রাম্পকে নিজের চরকায় তেল দিতে বললেন কমল হাসান

ভারতের অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান যুক্তরাষ্ট্রের ‘অনুমতি’ ভিত্তিক তেল আমদানির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ এবং এখানে কোনো বিদেশির হুকুম মানা হয় না।
বিজ্ঞাপন
শনিবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে রোববার সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দেন।
রবিবার প্রকাশিত ওই পোস্টে কমল হাসান লেখেন, মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।
বিজ্ঞাপন
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ট্রাম্পের আগ্রাসী মনোভাবের সমালোচনা করে তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলেই শুধু দীর্ঘমেয়াদী বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো থেকে ভারতের তেল আমদানিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির টানাপোড়েন চলছিল। জাতীয় স্বার্থ রক্ষার কারণে ভারত যেকোনো দেশ থেকে তেল আমদানি করার ঘোষণা দিলেও, গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল।
বিজ্ঞাপন
সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতের ‘ছাড়’ দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে এই অনুমতি দেওয়া হলেও, মার্কিন প্রেসিডেন্টের ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কমল হাসান তার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।








